গুরুদাসপুরে জমি দখল করতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু
অন্যের জমি দখল করতে গিয়ে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ছয়টার দিকে গুরুদাসপুরের পশ্চিম নওপাড়া গ্রামে বিবাদমান জমিতে ওই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।
নিহত সাইফুল ইসলাম চাপিলা ইউনিয়নের পশ্চিম নওপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি পেশায় রসুন ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে- বুধবার সকালে নিহত সাইফুল তার ভাতিজা সোহেলের জমির সুপারি গাছ কাটছিলেন। এসময় মোবাইল ফোনে চাচার গাছ কর্তনের ভিডিও ধারণ করছিলেন সোহেল।
এতে ক্ষিপ্ত হয়ে সাইফুল তার ভাতিজা সোহেল ও শ্যালক শাহীন আলীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উচ্চ স্বরে কথা বলতে বলতে সাইফুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক স্থানীয়রা সাইফুলকে নিকটস্থ মৌখাড়া বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বলেন, নিহত সাইফুলের লাশ ময়না তদন্তের পাঠানো হয়েছে। প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যু নিয়ে কিছু বলা যাচ্ছেনা। তবে নিহতের শরীরে আঘাতের চিহৃ নেই। এঘটনায় থানায় সাধারণ ডায়েরী গ্রহণ করা হয়েছে।