—ছবি সংগৃহিত
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত ছুটির তারিখে সংশোধন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) ছুটি পালিত হবে। ছুটির তারিখ পরিবর্তনের কারণে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর সূচীতেও এসেছে পরিবর্তন।
রোববার (২০ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ছুটির এ সূচী সংশোধনের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের আলোকে ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকায় আংশিক সংশোধন এনে এ পরিবর্তন করা হয়েছে।
এদিকে ছুটির তারিখ সমন্বয় করতে গিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত প্রথম দিনের ক্লাস শুরুর সময়ও একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে, পূর্বে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের ক্লাস ২৩ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা থাকলেও ফাতেহা-ই-ইয়াজদহমের সরকারি ছুটি থাকায় আগামী ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও অভিভাবকদের এ পরিবর্তনের বিষয়টি মেনে চলার অনুরোধ জানিয়েছে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।