—ছবি মুক্ত প্রভাত
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গুণগত মানসনদ ছাড়া এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ব্যতিরেকে পণ্য বিক্রি করার দায়ে রাজশাহীতে এক মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজশাহী মহানগরীতে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, নগরীর ভদ্রা মোড় সংলগ্ন ‘আরাফাত মিষ্টি’ নামের প্রতিষ্ঠানটি বিএসটিআই-এর গুণগত মানসনদ ছাড়াই ‘সুইটমিট’ (মিষ্টি) এবং নবায়ন ব্যতিরেকে ‘ফার্মেন্টেড মিল্ক’ (দই) ও ঘি উৎপাদন এবং বাজারজাত করে আসছিল। এ ছাড়া বিক্রি করা পণ্যের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত কোনো লেবেল ছিল না। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল আবছার সবুজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযান পরিচালনাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং সাধারণ মানুষের জন্য গুণগত মানসম্পন্ন নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআই রাজশাহী কার্যালয়ের এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।