—ছবি মুক্ত প্রভাত
দিনাজপুরের বিরল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে ৫০ পিস নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গত ৫ আগস্ট (বুধবার) রাত ৯টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ভান্ডারা বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারা বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৩২৬/৭-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘ভান্ডারা মানপাড়া’ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. দুলাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয় এবং তার কাছে থাকা ৫০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত দুলাল হোসেন বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা মানপাড়া গ্রামের মো. আশরাফ আলীর ছেলে। উদ্ধারকৃত ক্ষতিকারক মাদকদ্রব্যসহ তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান জানান, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রুখতে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিত বজায় থাকবে।”