—ছবি সংগৃহিত
ছাত্র–জনতার অভ্যুথানে আত্মাহুতি দেওয়া বীর শহীদদের পরিবারের দায়িত্ব নেওয়া এবং আহতদের পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত করাকে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই গণ–অভ্যুত্থান শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেন, "যাঁরা দৃষ্টি ও অঙ্গ হারিয়েছেন, তাঁদের সুস্থ করে তোলার সম্পূর্ণ দায়িত্ব সরকারকে পালন করতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও জুলাই গণ–অভ্যুত্থান—দুটিই ছিল মূলত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। নির্বাচন ও জনগণের মতপ্রকাশের স্বাধীনতা যত দিন থাকবে, তত দিনই দেশের স্বাধীনতা অক্ষুণ্ন থাকবে।"
তিনি আরও যুক্ত করেন, "আমরা তো আর আওয়ামী লীগ হতে পারব না, হতেও চাই না। তাদের বিরুদ্ধে খুন, গুম, মানি লন্ডারিং ও আয়নাঘরের মতো ভয়াবহ অভিযোগ থাকার পরও কোনো অনুশোচনা নেই। সাহস থাকলে দেশে ফিরে আসুন, রাজপথেই দেখা হবে।" নিজের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, ২৭ বছর বয়সে দেশের জন্য যুদ্ধ করেছিলেন, প্রয়োজনে ৮২ বছর বয়সেও আরেকটি যুদ্ধ করতে প্রস্তুত আছেন।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর প্রদর্শিত একটি ডকুমেন্টারিতে বীর শহীদ আবু সাঈদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করে আগত উপস্থিতিরা, যা একপর্যায়ে হট্টগোলে রূপ নেয়।
এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, "আবু সাঈদ জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি ও মূল প্রতীক। তাঁর ছবি ছাড়া আন্দোলনের কোনো তথ্যচিত্র পূর্ণাঙ্গ হতে পারে না। তবে ভুলত্রুটি সংশোধন করে এগোতে হবে। বিদেশি অতিথিদের সামনে এমন বিশৃঙ্খলা অত্যন্ত ব্যথাতুর, যা পাশের দেশে বসে থাকা স্বৈরাচারকে আনন্দ দেবে।"
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ‘জুলাই জাদুঘর’ উদ্বোধনের উদাহরণ টেনে বলেন, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পরম সম্মানে পাশে বসিয়েছেন। গণতান্ত্রিক সংস্কৃতিতে পরস্পরকে সম্মান করার এই চর্চাই বজায় রাখা উচিত।
সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং দেশি-বিদেশি বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।