—ছবি মুক্ত প্রভাত
নাটোরের বড়াইগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও আন্দোলনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. ডালিয়া পারভিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সজীব আল মারুফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মলয় কুমার কুন্ডু এবং বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান।
এছাড়াও রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, বনপাড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, এনসিপি নেতা হাফিজুর রহমান, জুলাই যোদ্ধা আমির হামজা এবং বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মো. সাইফুর রহমান।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের জন্য জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।