—ছবি মুক্ত প্রভাত
পটুয়াখালীর মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'জুলাই ২৪' গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদসহ সকল শহীদদের স্মরণে এবং আহতদের রোগমুক্তি কামনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।
পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান মৃধার পরিচালনায় এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কিসমতপুর দেলোয়ার হোসেন কলেজের প্রভাষক মো. মোশাররফ হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক মো. জাফর হোসেন খাঁন।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মীর মো. মাসুম বিল্লাহ, পশ্চিম কাকড়াবুনিয়া আদর্শ নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. আসলাম হোসেন, সহকারী শিক্ষক মোসা. নুসরাত জাহান তানিয়া, সায়লা সাবরীন সালমা ও মোসা. আসমা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।