—ছবি মুক্ত প্রভাত
‘সবাই মিলে সচেতন, বন্ধ হবে শিশুশ্রম’ এবং ‘আমার উপজেলা আমার দায়িত্ব, আমার উপজেলা হবে বাল্যবিবাহ মুক্ত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরল উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া মুক্ত ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে বিরল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়। বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (বিরল এপি)-এর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
আলোচনা সভা ও সামাজিক সচেতনতার শপথ
উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, সামাজিক ও ধর্মীয় প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয় এবং তাঁদের শপথ পাঠ করানো হয়।
অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা,
থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান,
উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন ও সমাজসেবা অফিসার রাজুল ইসলাম,
৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম,
ফরক্কাবাদ নুরুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কায়ছার আলী,
মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াকুব আলী।
অনুষ্ঠানে উন্নয়ন সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন ডেপুটি ডিরেক্টর (নর্দার্ন বাংলাদেশ ক্লাস্টার) রাজু উইলিয়াম রোজারিও, অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম, বিরল এপি প্রোগ্রাম অফিসার গোলাম সাকলাইন ও প্রদীপ রায় এবং চাইল্ড প্রটেকশন অফিসার বিপ্লব ক্লেমেন্ট মন্ডল।
এর আগে বিরল এপি ওয়ার্ল্ড ভিশনের ইন্টারিম এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনা
অনুষ্ঠানে বিরল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ধর্মীয় প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিশু ও যুব ফোরামের নেতৃবৃন্দ, ভিডিসি, সিবিও এবং শিশুশ্রম ও বাল্যবিবাহের হাত থেকে ফিরে আসা পরিবর্তনকামী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও শপথ গ্রহণ পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।