—ছবি মুক্ত প্রভাত
বিয়ের মেহেদির রঙ তখনও শুকায়নি, আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত ছিল পুরো পরিবার। কিন্তু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিমেষেই সেই আনন্দ ভাসিয়ে নিয়ে গেল এক বিষাদময় শোকের সাগরে। নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আল আমিন (৩০) নামের এক তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে সেনবাগ-সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ বেপারী বাড়ির আব্বাস ক্বারির ছেলে। তিনি ছাতারপাইয়া বাজারে বাবা ও ভাইয়ের সঙ্গে নিজেদের পারিবারিক ফার্মেসি ব্যবসা পরিচালনা করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (২০ জুলাই) পারিবারিক ধুমধামে আল আমিনের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর জীবনের নতুন অধ্যায় শুরু করতে না করতেই নেমে এলো এই ট্র্যাজেডি। বৃহস্পতিবার রাতে সোনাইমুড়ী থেকে নিজস্ব মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আল আমিন। পথিমধ্যে কুটিরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত মুরগিবাহী অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলটির মুখোমুখি সংঘাত হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান:
"খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষেই দুর্ঘটনাটি ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
মাত্র তিন দিনের মাথায় নতুন বরের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে নিহতের পরিবার, আত্মীয়-স্বজন এবং পুরো গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।