—ছবি সংগৃহিত
রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতর রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করা এই শক্তিশালী বোমাটি পরবর্তীতে সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।
ডিএমপি সূত্র জানায়, সন্ধ্যা সাড়াতায় মতিঝিল মেট্রোস্টেশনের নিচে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ছাতা পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে কৌতুহলবশত কাছে গিয়ে ছাতার ভেতরে বোমা সদৃশ বস্তু দেখে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পুরো এলাকাটি কর্ডন বা ঘেরাও করে ফেলে। এ সময় নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পরবর্তীতে ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে অতি সতর্কতার সঙ্গে ছাতাটি থেকে বোমাটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিষ্ক্রিয় করার সময় এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, যা পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।
এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান:
"উদ্ধার করা বোমাটি মূলত একটি 'আইইডি' (Improvised Explosive Device)। খবর পাওয়ার পরই আমাদের বিশেষ দল সেটি উদ্ধার করে নিরাপদ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করেছে। ছাতার ভেতরে কারা এই বোমাটি রেখেছিল, তাদের শনাক্ত করতে পুলিশসহ একাধিক গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে মাঠে নেমেছে।"
এদিকে ঘটনাটি স্টেশনের ঠিক নিচের সড়কে ঘটায় মেট্রোরেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমআরটি পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্টেশনের নিচের সড়কে বোমা উদ্ধারকে কেন্দ্র করে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত করা হলেও উঁচুতে মেট্রোরেল চলাচল যথারীতি স্বাভাবিক ছিল। জনবহুল এলাকায় ছাতার ভেতর এভাবে বোমা রাখার পেছনে নাশকতামূলক কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।