—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীতে বাসি খাবার সংরক্ষণ এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উপাদান ব্যবহারের দায়ে দুটি বিরিয়ানি হাউজকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২২ জুলাই) দুপুরে নোয়াখালী সদর উপজেলার টাউনহল মোড় ও দত্তেরহাট এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়।
মেসার্স হাজী বিরিয়ানি হাউজ (টাউনহল মোড়): অভিযানের সময় ফ্রিজে পলিথিনে মুড়িয়ে রাখা বাসি খিচুড়ি, তেহারি, বিরিয়ানি ও সিদ্ধ ডিমের সন্ধান মেলে। পচা-বাসি এসব খাবার জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেসার্স টোকিও কাচ্চি বাড়ি (দত্তেরহাট): কাচ্চি বিরিয়ানিতে মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ‘কেওড়া জল’ এবং উজ্জ্বল রঙের জন্য ‘কাশ্মীরি চিলি’ নামক ক্ষতিকর রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া ফ্রিজে একই সাথে কাঁচা ও রান্না করা খাবার রাখার দায়ে এই প্রতিষ্ঠানটিকেও ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
খাবারের দোকানের পাশাপাশি এলপিজি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কি না, তা মনিটরিং করে টাস্কফোর্স টিম। ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম। জেলা বিশেষ টাস্কফোর্স ও ব্যাটালিয়ন আনসারের একটি দল এতে সহায়তা করে।
জনস্বার্থ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নোয়াখালীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।