—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীর চাটখিল পৌরসভায় চার বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আবু বকর সিদ্দিক ওরফে সুমন (৪৩) নামে এক অটোরিকশাচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে ক্ষুব্ধ জনতা। আটকের পর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেওয়ার পাশাপাশি তার অঙ্গপ্রত্যঙ্গে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুমন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার কংসি বাড়ির আবুল কালামের ছেলে।
সিসিটিভি ফুটেজে শনাক্ত
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চাটখিল গ্রামে চার বছরের ওই শিশুটিকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে সুমনের বিরুদ্ধে। পুরো ঘটনাটি পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে সেই ফুটেজ দেখে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সুমনের পরিচয় নিশ্চিত করেন।
সোমবার দুপুরে সুমন পুনরায় ওই এলাকায় অটোরিকশা নিয়ে এলে স্থানীয়রা তাকে চিনে ফেলে এবং ঘিরে ফেলে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয় এবং চরম ক্ষোভ থেকে তার পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগিয়ে দেয়। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুমনকে উদ্ধার করে হেফাজতে নেয়।
আইনি পদক্ষেপ
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় সুমনকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।