বিশ্বকাপের খেলা দেখা নিয়ে দাম্পত্য কলহ, গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে মো. আলাউদ্দিন ওরফে রায়হান (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রায়হান কুয়েতপ্রবাসী আব্দুল বারেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফিরে পাঁচ থেকে ছয় মাস আগে বিয়ে করেন। রোববার দিবাগত রাতে তিনি বন্ধুদের সঙ্গে কানকিরহাট বাজারে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে যান। ভোরে বাড়ি ফিরলে বাইরে খেলা দেখা এবং দেরিতে ফেরাকে কেন্দ্র করে স্ত্রী মারজান আক্তার মমতাজের (১৮) সঙ্গে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে গেলে রায়হান আত্মহত্যার হুমকি দেন বলে পরিবারের সদস্যরা জানান। পরে স্ত্রী ফিরে এসে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে স্বামীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা তাকে নামিয়ে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।
স্বজনরা জানান, সোমবারই রায়হানের পুনরায় সৌদি আরব যাওয়ার ভিসা আসে।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।