—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীতে বিডিনিউজ ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জুর চুরি হওয়া মোটরসাইকেলসহ দুটি চোরাই বাইক উদ্ধার করেছে পুলিশ। এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—জেলার হাতিয়া উপজেলার শূণ্যের চর এলাকার মিরাজ উদ্দিনের ছেলে মো. ফয়সাল (৩৫) ও সুবর্ণাচর উপজেলার চর আলাউদ্দিনের রফিক উল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পুল এলাকা থেকে সুকৌশলে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই রাত ১০টার দিকে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে সাংবাদিক আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি চুরি হয়। পরদিন তিনি সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রায় দুই মাস আগে সোনাপুর এলাকা থেকে জয়দেব নামে অপর এক যুবকের একটি মোটরসাইকেল চুরি হয়। শুক্রবার চোর চক্রের মূল হোতা ফয়সাল ওই বাইকটি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জয়দেবের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। টাকা পাওয়ার পর বাইক ফেরত দিতে গড়িমসি শুরু করলে সন্দেহ দানা বাঁধে।
একপর্যায়ে আরও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে জয়দেব ও তাঁর বন্ধুরা কৌশলে ফয়সাল ও জাহাঙ্গীরকে একটি নির্দিষ্ট স্থানে ডেকে এনে পুলিশে খবর দেন। খবর পেয়ে সুধারাম মডেল থানার এসআই ফখরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফয়সাল ও জাহাঙ্গীরকে আটকে ফেলে। এ সময় তাদের কাছ থেকে প্রথমে সাংবাদিক আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে রাতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জয়দেবের চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, "গ্রেপ্তারকৃত ফয়সাল ও জাহাঙ্গীর আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পেশাদার সদস্য। এই চক্রটি দীর্ঘদিন ধরে এক জেলা থেকে মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় পাচার করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নোয়াখালী থেকে গত কয়েকদিনে আরও বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির তথ্য মিলেছে।"
তিনি আরও জানান, এই চক্রের সাথে জড়িত বাকি সদস্যদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।