—ছবি মুক্ত প্রভাত
পাবনার চাটমোহর প্রেসক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নির্বাচন পরিচালনা কমিশন গঠন করা হয়েছে। একই সাথে আগামী ২৯ আগস্ট (শনিবার) ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নবগঠিত এই কমিশন।
শনিবার (১৮ জুলাই) সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানার সঞ্চালনায় সভায় চাটমোহর প্রেসক্লাবের কর্মরত সংবাদিকরা অংশ নেন।
সভায় বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল মান্নান পলাশ (করতোয়া), রাজিউর রহমান রুমি (একুশে টেলিভিশন), রকিবুর রহমান টুকুন (আমার দেশ), সনজিৎ সাহা কিংশুক (মানবজমিন), শামীম হাসান মিলন (সমকাল), শাহিনুর রহমান শাহিন (চ্যানেল ২৪), জাহাঙ্গীর আলম (ইনকিলাব), আব্দুল লতিফ রঞ্জু (কালের কণ্ঠ), খন্দকার ইফতেখার আহমেদ টুটুল (আমাদের সময়), ইকবাল কবির রঞ্জু (কালবেলা), পবিত্র তালুকদার (যুগান্তর), নুরুল ইসলাম (নয়া দিগন্ত), বকুল রহমান (ভোরের কাগজ), মো. জাকির সেলিম (খোলা কাগজ), মো. ইশারত আলী, দেওয়ান জামিউল ইসলাম কাবলি, মো. আফতাব হোসেন, সোহেল খান, জাহাঙ্গীর আলম মধু, বিপ্লব আচার্য্য, মাকসুদুল হক মাসুদ, সুদীপ্ত কর্মকার ও শিমুল বিশ্বাস প্রমুখ।
সাধারণ সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করার পর উপস্থিত সাধারণ সদস্যদের কণ্ঠভোটে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন দৈনিক করতোয়া প্রতিনিধি আব্দুল মান্নান পলাশ।
কমিশনের অন্য সদস্যরা হলেন—রাজিউর রহমান রুমি, জাহাঙ্গীর আলম মধু, ইকবাল কবির রঞ্জু এবং দেওয়ান জামিউল ইসলাম কাবলি।
দায়িত্ব গ্রহণের পরপরই প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মান্নান পলাশ আগামী ২৯ আগস্ট ২০২৬ (শনিবার) চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করে নির্বাচনী যাত্রা শুরুর ঘোষণা দেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।