—ছবি সংগৃহিত
নিউ জার্সিতে আগামীকালকের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। তবে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরে কথার লড়াইয়ে উত্তেজনার পারদ চড়ালেন স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার এমেরিক লাপোর্ত। লিওনেল মেসিদের বিপক্ষে খেলতে নামার আগে সরাসরি রেফারিংয়ের ভূমিকা এবং আর্জেন্টিনার আগ্রাসী ফুটবল নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্ত অভিযোগ করেন, টুর্নামেন্টের সাম্প্রতিক ম্যাচগুলোয় আর্জেন্টিনার ক্ষেত্রে রেফারিদের কিছু সিদ্ধান্ত তাদের বিস্মিত করেছে। তিনি বলেন:
"সাম্প্রতিক ম্যাচগুলোয় আমরা রেফারিং নিয়ে এমন কিছু ঘটনা দেখেছি, যা আমাদের সত্যিই বিস্মিত করেছে। কিছু ঘটনায় কোনো শাস্তিই দেওয়া হয়নি, বিশেষ করে আর্জেন্টিনার ক্ষেত্রে। তারা প্রতিপক্ষের ওপর প্রবল চাপ সৃষ্টি করে। ফুটবলে, বিশেষ করে এত বড় প্রতিযোগিতায় এসব কখনোই অনুমোদন করা উচিত নয়।"
লাপোর্তের মতে, আর্জেন্টিনার এই অতিরিক্ত আগ্রাসন প্রতিপক্ষের মনোযোগ নষ্ট করে এবং মাঠে হতাশা তৈরি করে। স্পেনের চেনা নান্দনিক ও নিখুঁত পাসিং ফুটবলের বিপরীতে আর্জেন্টিনার বর্তমান খেলার ধরনকে একপ্রকার ‘পেশিশক্তি ও আগ্রাসনের মিশেল’ হিসেবেই দেখছেন এই ডিফেন্ডার।
তবে মাঠের ফিজিক্যাল ফুটবলকে ভয় পাচ্ছেন না জানিয়ে লাপোর্ত মূল দায়টা চাপিয়েছেন রেফারিদের ওপর। প্রতিপক্ষ আলবিসেলেস্তেদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রেফারি যদি নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করেন এবং নিয়ম মেনে বাঁশি বাজান, তবে স্পেনের কোনো সমস্যা নেই। নিজের দলের সুশৃঙ্খল ফুটবলকে ঢাল বানিয়ে তিনি আরও যোগ করেন, টুর্নামেন্টের শুরু থেকেই স্পেন প্রতিপক্ষকে আঘাত না করে বা বিপজ্জনক ফাউল না করে খেলছে এবং ফাইনালেও তারা এই ধারা বজায় রাখতে চান। তবে ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে রেফারিংয়ের ওপর।
মজার ব্যাপার হলো, লাপোর্তের এই মনস্তাত্ত্বিক অভিযোগের সপক্ষে কথা বলছে টুর্নামেন্টের পরিসংখ্যানও। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে রেকর্ড ৭৯ বার ফাউল করলেও হলুদ কার্ড দেখেছে মাত্র ৯টি। অন্যদিকে, ৬৬টি ফাউল করা স্পেনের ফুটবলাররা কার্ড দেখেছেন ৬টি।
পরিসংখ্যানের এই খতিয়ান আর লাপোর্তের রেফারিং নিয়ে তোলা বিতর্ক—সব মিলিয়ে মেগা ফাইনালের বাঁশি বাজার আগেই ফুটবল দুনিয়ায় শুরু হয়ে গেছে নতুন এক বাকযুদ্ধ। এখন দেখার বিষয়, লাপোর্তের এই মনস্তাত্ত্বিক চাপের জবাব মেসিরা মাঠে কীভাবে দেন!