—ছবি মুক্ত প্রভাত
দিনাজপুরের পার্বতীপুরে শোবার ঘর থেকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৩ জুলাই) উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওই গ্রামের রিপেন চন্দ্রের স্ত্রী সবিতা রানী (৩৩) এবং তাঁর মেয়ে পল্লবী রানী (১৫)।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল ওয়াদুদ জানান, মা ও মেয়ে দীর্ঘ সময় ধরে নিজেদের শোবার ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যদের মনে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে সবিতা রানীর স্বামী রিপেন চন্দ্র ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে একই সিলিং ফ্যানের সাথে স্ত্রী ও মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান।
খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে রাত ৮টার দিকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
ওসি আরও জানান, এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।