আশুড়ার বিলে বাঁশের সাঁকো ভেসে গেছে, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
পূর্বের ভারী বৃষ্টিতে পানির তীব্র স্রোতে দিনাজপুরের বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের আশুড়ার বিলের ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় প্রায় ১৫টি গ্রামের মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দ্রুত সাঁকোটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিরামপুর উপজেলা প্রশাসনের কাছে এ বিষয়ে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের ভাষ্য, দিঘলচাঁদ গ্রামের লালঘাট এলাকায় আশুড়ার বিলের ওপর নিজেদের উদ্যোগে নির্মিত প্রায় ২১০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটি ছিল দুই পাড়ের মানুষের একমাত্র সহজ যোগাযোগের মাধ্যম।
দিঘলচাঁদ গ্রামের বাসিন্দা কমল চন্দ্র সরকার জানান, সাঁকোটি দিয়ে প্রতিদিন আশপাশের প্রায় ১৫টি গ্রামের মানুষ, কৃষক, শ্রমিক এবং ধানজুড়ি মিশন স্কুলের শিক্ষার্থীরা হেঁটে, সাইকেল ও মোটরসাইকেলে চলাচল করতেন। কয়েক দিনের টানা বর্ষণে বিলের পানির স্রোত বেড়ে যাওয়ায় সাঁকোটি ভেসে যায়। ফলে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, কৃষিপণ্য পরিবহন এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তি তৈরি হয়েছে।
এ অবস্থায় জরুরি ভিত্তিতে সাঁকোটি পুনর্নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন গ্রামবাসী।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন বলেন, সাঁকো ভেসে যাওয়ার বিষয়ে একটি আবেদন পেয়েছি। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।