মির্জাগঞ্জে খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য খাবার বিতরণ ও দোয়া মাহফিল
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য খাবার বিতরণ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে মানবজমিন পত্রিকার মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. সোহাগ হোসেনের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার প্রায় ৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশনের পাশাপাশি দেশ, জাতি এবং আয়োজনকারীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালে প্রতিষ্ঠিত উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় বর্তমানে হিফজ বিভাগ, নাজেরা বিভাগ, নাজেরা মক্তব বিভাগ এবং হিফজ রিভিশন বিভাগ পরিচালিত হচ্ছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মীর মো. মাসুম বিল্লাহ বলেন, “সাংবাদিক সোহাগ হোসেনের এই মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়ান, তাহলে শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা আরও বৃদ্ধি পাবে।”