মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা, গবেষণায় পেটেন্ট সহায়তায় চালু হচ্ছে টিআইএসসি
গবেষণা, উদ্ভাবন এবং মেধাস্বত্ব সুরক্ষাকে আরও শক্তিশালী করতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের জন্য ‘পেটেন্টস টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি) সার্ভিসেস’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার (১৩ জুলাই) নোবিপ্রবির উপাচার্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং ডিপিডিটির পক্ষে স্বাক্ষর করেন মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসাইন।
পরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে (আইকিউএসি) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও গবেষকরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এই অংশীদারত্বের ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা অর্জনের সুযোগ পাবেন। এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের উদ্ভাবনের মেধাস্বত্ব সুরক্ষা সহজ হবে এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণাবান্ধব পরিবেশ আরও সমৃদ্ধ হবে।
তিনি বলেন, সমঝোতা স্মারক শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সরকারের ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে নোবিপ্রবিতে দ্রুতই প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোসহ টিআইএসসি অফিস স্থাপন করা হবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে নতুন মাত্রা দেবে। গবেষকদের মেধা ও পরিশ্রমের যথাযথ আইনগত এবং আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিপিডিটির মহাপরিচালক ও কর্মশালার রিসোর্স পার্সন মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষক ও উদ্ভাবকদের পেটেন্ট, শিল্প-নকশা এবং ট্রেডমার্ক নিবন্ধনে সহায়তা দিতে ডিপিডিটি কাজ করছে। নোবিপ্রবিতে ইনোভেশন সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠিত হলে গবেষকরা আন্তর্জাতিক পেটেন্ট তথ্যভাণ্ডার ও প্রযুক্তিগত সম্পদ ব্যবহারের সুযোগ পাবেন, যা গবেষণা ও উদ্ভাবনের পরিবেশকে আরও শক্তিশালী করবে।
নোবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও টিআইএসসি ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, টিআইএসসি প্রতিষ্ঠিত হলে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকেরা পেটেন্ট ও ট্রেডমার্ক নিবন্ধনে প্রয়োজনীয় আইনি ও কারিগরি সহায়তা পাবেন। পাশাপাশি পেটেন্ট অনুসন্ধান, প্রযুক্তি স্থানান্তর এবং গবেষণার বাণিজ্যিকীকরণেও এটি কার্যকর ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে নোবিপ্রবির গবেষকদের সঙ্গে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) কার্যকর সংযোগ তৈরি হবে।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে আরও বক্তব্য দেন ডিপিডিটির উপ-পরিচালক মো. হাবিবুর রহমান এবং লুব-রেফ বাংলাদেশ লিমিটেড (বিএনও লুব্রিক্যান্টস)-এর পরিচালক মো. সালাউদ্দিন ইউসুফ। অনুষ্ঠানে নোবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।