—ছবি মুক্ত প্রভাত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘খালা’ পরিচয়ে স্কুল থেকে শিশুশ্রেণীর এক ছাত্রীকে অপহরণের চেষ্টাকালে সুমাইয়া (২০) নামের এক তরুণীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া শিশু জান্নাত (৫) ওই এলাকার আব্দুল বাছিরের মেয়ে এবং তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণীর ছাত্রী। আটক তরুণী সুমাইয়া আক্তারের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে জানা গেছে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু জান্নাত তার শ্রেণীকক্ষে ক্লাস করছিল। এ সময় সুমাইয়া নিজেকে জান্নাতের খালা পরিচয় দিয়ে শ্রেণী শিক্ষকের কাছ থেকে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তরুণীর আচরণে প্রধান শিক্ষকের সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে জান্নাতের মাকে খবর দিয়ে বিদ্যালয়ে আনেন। পরে জান্নাতের মা এসে নিশ্চিত করেন যে এই তরুণী তাদের আত্মীয় নন। জালিয়াতি ধরা পড়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ সুমাইয়াকে আটকে রেখে নাসিরনগর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল শিকদার জানান, শিশু অপহরণ চেষ্টার অভিযোগে এক তরুণীকে আটক করা হয়েছে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার কিংবা স্কুল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।