—ছবি সংগৃহিত
টানা বর্ষণের তোড়ে নাটোরের সিংড়া পৌর এলাকার আত্রাই নদীর শহর রক্ষা বাঁধের প্রায় ১৫ ফুট ওয়াকওয়ে ধসে পড়েছে। এতে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ধসে যাওয়া এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা দ্রুত বাঁধটি সংস্কারের আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিনের টানা বর্ষণে সিংড়া পৌর এলাকার গোডাউনপাড়া মহল্লায় আত্রাই নদীর শহর রক্ষা বাঁধের ওয়াকওয়ের নিচের মাটি ও বালি সরে যায়। একপর্যায়ে ওয়াকওয়ের প্রায় ১৫ ফুট অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে ওই পথ দিয়ে সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির কারণে হঠাৎ করেই ওয়াকওয়েটি ধসে পড়ে। বর্ষা মৌসুমে ভাঙন আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন তারা। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত এখানে স্থায়ী টেকসই সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
খবর পেয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত এবং নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিম জানান, নদীর মূল গাইড ওয়ালটি এখনো অক্ষত রয়েছে। শুধুমাত্র ওয়াকওয়ের অংশটি ধসে গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিল মাসে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৭০৮ মিটার দীর্ঘ এই সিংড়া শহর রক্ষা বাঁধ প্রকল্প অনুমোদন হয়। ২০১৯ সালের এপ্রিলে নাটোর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এর নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে ২০২২ সালের ৩০ জুলাই তৎকালীন পানিসম্পদ উপমন্ত্রী বাঁধটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে উদ্বোধনের মাত্র ২৭ দিনের মাথায় ব্রিজের দক্ষিণ অংশে ধস নামায় শুরুতেই এর কাজের মান নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছিল।