—ছবি সংগৃহিত
লিওনেল মেসি গোল উদযাপনে সাধারণত চিরচেনা এক শান্ত ভঙ্গি বজায় রাখেন। দুই হাত উঁচিয়ে আকাশের দিকে তাকানোই তাঁর চেনা রূপ। কিন্তু মিসরের বিপক্ষে দ্বিতীয় গোলটি করার পর যেন এক অন্য মেসিকে দেখল ফুটবল বিশ্ব! গ্যালারির দিকে ছুটে গিয়ে বুনো উল্লাসে লাফিয়ে উঠলেন, মেতে উঠলেন খ্যাপাটে উদযাপনে।
শান্ত স্বভাবের এই আর্জেন্টাইন জাদুকরের এমন বাঁধভাঙা উচ্ছ্বাসের নেপথ্যে কী ছিল? শুধুই কি দুই গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার আনন্দ, নাকি এর পেছনে লুকিয়ে ছিল কোনো ব্যক্তিগত দায়মুক্তির ছটফটানি?
ম্যাচ শেষে স্বয়ং মেসিই ভাঙলেন সেই রহস্য। প্রথমার্ধে পেনাল্টি মিস করার পর এক চরম অপরাধবোধ গ্রাস করেছিল তাঁকে। আর্জেন্টাইন অধিনায়ক জানান, "পেনাল্টিটা মিস করার পর মনে হচ্ছিল, আমি বোধহয় একাই দলটাকে ডুবিয়ে দিলাম।" ফলে দ্বিতীয়ার্ধে যখন বল জাল স্পর্শ করল, তখন আনন্দের চেয়েও মেসির মনে বেশি কাজ করেছিল 'স্বস্তি'।
মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেরের চমৎকার ডাইভ মেসির শটটি আটকে দেয়। তবে চলতি বিশ্বকাপে পেনাল্টি স্পট থেকে মেসির ব্যর্থতার গল্প এটাই প্রথম নয়। মাত্র ১৫ দিন আগেই অস্ট্রিয়ার বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। ১৫ দিনের ব্যবধানে টানা দুটি পেনাল্টি মিসের এই ঘটনা ফুটবলপ্রেমীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে— মেসি কি তবে পেনাল্টিতে সত্যিই দুর্বল হয়ে পড়ছেন?
পরিসংখ্যান কী বলছে?
টানা দুটি পেনাল্টি মিস করার নজির মেসির দুই দশকের ক্যারিয়ারে এবারই প্রথম নয়, এটি তাঁর ক্যারিয়ারের তৃতীয় ‘পেনাল্টি-খরা’।
২০১৪ সাল: ক্যারিয়ারের সবচেয়ে বড় খরায় পড়েছিলেন সে বছর। বার্সেলোনার হয়ে রিয়াল বেটিস ও লেভান্তের বিপক্ষে মিস করার পর আর্জেন্টিনার জার্সিতে ব্রাজিলের গোলরক্ষক জেফারসনের কাছে পরাস্ত হয়ে টানা তিনটি পেনাল্টি মিসের তেতো স্বাদ পেয়েছিলেন। (যদিও এর মাঝেই ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে গোল করেছিলেন তিনি)।
২০ ২০২১ সাল: চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কেইলর নাভাস এবং লা লিগায় ভ্যালেন্সিয়ার জ্যাসপার সিলেসেনের কাছে টানা দুটি পেনাল্টি হাতছাড়া করেন।
২০২৬ বিশ্বকাপ: এবারের ঘটনাটি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে সময়ের ব্যবধানের কারণে। মাত্র ১৫ দিনের ভেতর দুটি পেনাল্টি মিস করলেন তিনি।
বিশ্বকাপে পেনাল্টির গেরো
বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার পেনাল্টি ভাগ্য বরাবরই কিছুটা নড়বড়ে। বিশ্বমঞ্চে পাওয়া ৮টি পেনাল্টির ৪টিই মিস করেছে আলবিসেলেস্তেরা। যার মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডটি এখন মেসির দখলে। এমনকি এক বিশ্বকাপে সর্বোচ্চ দুটি পেনাল্টি মিসের অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়েছেন তিনি।
তবুও মেসিই সেরা
পেনাল্টির এই খতিয়ান দেখে মেসিকে বিচার করতে যাওয়াটা হবে মস্ত বড় ভুল। ক্যারিয়ারে নেওয়া ১৬১টি পেনাল্টির মধ্যে ১২৫টিতেই সফল হয়েছেন তিনি, যার সাফল্যের হার ৭৭.৬৪%। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে ৮২টি, ইন্টার মায়ামির হয়ে ৮টি এবং পিএসজির হয়ে ৩টি গোল এসেছে পেনাল্টি থেকে। আর আর্জেন্টিনার জার্সিতে নির্ধারিত সময়ে ৩২টি পেনাল্টির ২৫টিই জালে জড়িয়েছেন।
সবচেয়ে বড় কথা, পেনাল্টি মিসের হতাশাকে এক পাশে সরিয়ে রেখে চলতি বিশ্বকাপে মেসির পা কথা বলছে আপন গতিতে। টুর্নামেন্টে ৫ ম্যাচে ৮ গোল করে এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ গোলদাতা। আর বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২১ গোল করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
পেনাল্টির গেরো কাটিয়ে ‘এলএমটেন’ তাঁর চেনা ছন্দে আর্জেন্টিনাকে কতদূর নিয়ে যান, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।