—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীর চাটখিল উপজেলায় বিয়ের আনন্দঘন মুহূর্ত এক নিমেষেই রূপ নিয়েছে চিরস্থায়ী বিষাদে। গায়ে হলুদের ঠিক আগের দিন সুরাইয়া আক্তার রাইসা (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার (২৯ জুন) বিকেলের দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামের গনেষ্ঠি বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, ওই দিন দুপুর দেড়টার দিকে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
নিহত রাইসা ওই গ্রামের সবজি বিক্রেতা মো. রায়হান উদ্দিনের মেয়ে।
আজ হওয়ার কথা ছিল গায়ে হলুদ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাইসার জন্মের মাত্র এক বছর পরেই তার বাবা-মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে সে সৎ মায়ের সংসারে বড় হচ্ছিল। পারিবারিক সিদ্ধান্তে আজ বৃহস্পতিবার (২ জুলাই) তার গায়ে হলুদ এবং আগামীকাল শুক্রবার (৩ জুলাই) বিয়ের দিন নির্ধারিত ছিল। বাড়িতে চলছিল বিয়ের জোর প্রস্তুতি। কিন্তু সবার অগোচরে নিজের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে জীবনের ইতি টানে এই কিশোরী।
কারণ খুঁজছে পুলিশ
বিয়ের ঠিক আগ মুহূর্তে কেন এই কিশোরী আত্মহত্যার পথ বেছে নিল, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন তৈরি হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, “প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”