—ছবি মুক্ত প্রভাত
দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৬’। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মেলার শুভ উদ্বোধন করা হয়। মেলাটি আগামী ৪ জুলাই (শনিবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার। কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, দিনাজপুরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জীময় সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার বরকতউল্লাহ, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল এমরানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী পর্ব শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং জাতীয় ফল মেলা উপলক্ষে প্রদর্শিত নানা জাতের দেশীয় ফলের গুণাগুণ সম্পর্কে খোঁজখবর নেন।
মেলার উদ্বোধনের পাশাপাশি এদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কল্যাণমূলক সামগ্রী ও অনুদান বিতরণ করা হয়। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বেসরকারি এতিমখানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্রান্ট এবং দুস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। একই সাথে এলজিইডির ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে সেলাই মেশিন এবং পরিবেশ সুরক্ষায় সবার মাঝে গাছের চারা বিতরণ করেন অতিথিরা।