—ছবি মুক্ত প্রভাত
বগুড়ার ধুনট উপজেলায় জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (একটি শিশু, একটি গাছ) দেশব্যাপী এই স্লোগানকে সামনে রেখে আজ সোমবার (২৯ জুন, ২০২৬) ধুনট উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকারী এই র্যালিতে নেতৃত্ব দেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
র্যালি শেষে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি মোখফিজুর রহমান বাচ্চু।
এ সময় ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সহকারী প্রধান শিক্ষক আল আমিন, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণকালে বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নতুন প্রজন্মকে গাছ লাগানোর আহ্বান জানান এবং প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা রোপণ ও তা পরিচর্যার তাগিদ দেন।