—ছবি মুক্ত প্রভাত
আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে দেশজুড়ে পরিচিতি পাওয়া নোয়াখালীর আলোচিত ব্যক্তি আজাদ মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ সংগঠনের পক্ষে অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৮ জুন, ২০২৬) বিকেলে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন দুপুরে সেনবাগ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আজাদ মেম্বার উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
খোঁজ নিয়ে জানা যায়, আজাদ মেম্বার স্থানীয়ভাবে একজন সাধারণ চা বিক্রেতা হলেও আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসির প্রতি চরম অন্ধ ভালোবাসার কারণে দেশব্যাপী ব্যাপক পরিচিতি পান। নিজের বাড়ি, দোকান ও আশপাশের এলাকাকে আকাশী-সাদা রঙে রাঙিয়ে তিনি পুরো এলাকাকে ‘আর্জেন্টিনা নগর’ নামে রূপ দিয়ে তুমুল আলোচনায় আসেন। চলতি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতলে এলাকাবাসীকে বড় ধরনের ভোজ দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। আর্জেন্টিনা ফুটবল ও মেসিকে নিয়ে তার এই উম্মাদনার কারণে বিভিন্ন জাতীয় গণমাধ্যম ও টেলিভিশন টকশোতেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
ফুটবলপ্রেমী হিসেবে দেশজোড়া পরিচিতির পাশাপাশি তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় তৃণমূল নেতা ও অনলাইন কর্মী ছিলেন। পুলিশ জানায়, এর আগেও রাজনৈতিক মামলায় তিনি কারাভোগ করেছেন।
সেনবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) মো. মিলন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি আজাদ মেম্বারকে যথাযথ পুলিশি পাহারায় বিকেলের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।