—ছবি মুক্ত প্রভাত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষার্থী ও শিক্ষক সরাসরি জাতীয় সংসদ অধিবেশন দেখার এক ঐতিহাসিক সুযোগ লাভ করেছেন। স্থানীয় সংসদ সদস্য (এমপি) এম এ হান্নানের বিশেষ উদ্যোগে এই ব্যতিক্রমী শিক্ষা সফরের আয়োজন করা হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো নাসিরনগরের শিক্ষার্থী ও শিক্ষকেরা সরাসরি সংসদ ভবন পরিদর্শন এবং লোকচক্ষুর অন্তরালে থাকা সংসদীয় কার্যপ্রণালি নিজ চোখে দেখার অভিজ্ঞতা অর্জন করলেন।
সফরকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদের মূল গ্যালারিতে বসে অধিবেশনের কার্যক্রম প্রত্যক্ষ করেন। একই সাথে তাঁরা আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় গণতন্ত্রের ইতিহাস এবং দেশের আইনসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে বাস্তবসম্মত ধারণা লাভ করেন।
ব্যতিক্রমী এই অভিজ্ঞতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। কয়েকজন শিক্ষার্থী জানান, বইয়ের পাতায় সংসদের যেসব চিত্র বা নিয়মের কথা তাঁরা পড়েছেন, আজ তা সরাসরি দেখতে পেয়ে তাঁরা আনন্দিত। এই দুর্লভ সুযোগ করে দেওয়ার জন্য তাঁরা সংসদ সদস্য এম এ হান্নানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষা সফরে অংশ নেওয়া শিক্ষকেরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, "কেবলমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান দিয়ে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। এই ধরনের সফর শিক্ষার্থীদের জ্ঞান পরিধি ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।"
এলাকার সচেতন মহল মনে করছেন, তরুণ প্রজন্মকে দেশের শাসনব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়ার এই প্রয়াস প্রশংসনীয়। এটি ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গুণাবলী, নাগরিক দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।