—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক স্বামীর পাঠানো একটি খুদে বার্তাকে (মেসেজ) কেন্দ্র করে বর্তমান স্বামীর সাথে অভিমানের জেরে সামিয়া তাহসিন (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় অভিরামপুর গ্রামের সুজায়েত উল্যা ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সামিয়া চট্টগ্রামের মীরসরাই উপজেলার সাহের আলী এলাকার নূর নবীর মেয়ে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বেগমগঞ্জের বড় অভিরামপুর এলাকার মো. ইয়াছিন ভূঁইয়ার (২৬) সাথে সামিয়ার বিয়ে হয়। তবে ইয়াছিনের সাথে বিয়ের আগে সামিয়ার আরও একটি বিয়ে হয়েছিল। পূর্বের স্বামীর সাথে যোগাযোগের বিষয়টি নিয়ে বর্তমান সংসারে মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য হতো।
বুধবার সকালে সামিয়ার মোবাইল ফোনে তাঁর সাবেক স্বামীর একটি মেসেজ আসে। বিষয়টি বর্তমান স্বামী ইয়াছিনের নজরে এলে তিনি সামিয়াকে ওই ব্যক্তির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার অনুরোধ জানান। এ নিয়ে সামান্য কথাবার্তার পর ইয়াছিন বাইরে খেলা দেখতে চলে যান।
দরজা ভেঙে উদ্ধার
ইয়াছিন ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ পর তাঁর মা সাজেদা বেগম সামিয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হলে তিনি পরিবারের অন্য সদস্যদের ডাকেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে সামিয়াকে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সামিয়াকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।