—ছবি মুক্ত প্রভাত
নাটোরের সিংড়ায় দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ড্রাম ট্রাকের পেছনে প্রাণ এগ্রো লিমিটেডের একটি কাভার্ড ভ্যানের সজোরে ধাক্কায় এক কর্মচারী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাভার্ড ভ্যানের চালক।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ (৫৯) নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকার বাসিন্দা এবং প্রাণ এগ্রো লিমিটেডের কর্মী ছিলেন। দুর্ঘটনায় আহত চালক শাহাদাত হোসেনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে মহাসড়কের পাশে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় বগুড়া থেকে নাটোর অভিমুখে ছেড়ে আসা প্রাণ এগ্রো লিমিটেডের পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান ভেতরে থাকা হেলপার কাম কর্মচারী আব্দুল মজিদ।
দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে কাভার্ড ভ্যানের চালক শাহাদাত হোসেন কেবিনের ভেতরে রক্তাক্ত অবস্থায় আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া অংশ কেটে চালককে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।