—ছবি মুক্ত প্রভাত
‘মানুষ মানুষের জন্য’—এই মানবিক মন্ত্রকে বুকে ধারণ করে অসুস্থ বিএনপি নেত্রী ও নেতার পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তিনি অসুস্থ ওই দুই রাজনৈতিক কর্মীর খোঁজখবর নেন এবং তাঁদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।
আজ সোমবার (২২ জুন) সকাল ১১টার দিকে হাজী আব্দুস সাত্তার প্রথমে সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি মিরিনা সুলতানার বাসায় যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। এরপর তিনি মাছিমপুর মহল্লায় গিয়ে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি অসুস্থ এই দুই নেতার হাতে চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেন।
অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে পবিত্র মানবিক দায়িত্ব উল্লেখ করে হাজী আব্দুস সাত্তার বলেন, “মানুষের জীবন ক্ষণস্থায়ী। এই পৃথিবী তৈরি হয়েছে একে অপরের উপকার করার জন্য। একজন মানুষ যখন অসুস্থ হয়ে কষ্টে থাকেন, তখন তাঁর পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিক কাজ। মৃত্যুর পরে অনেক মানুষ পাশে দাঁড়ালেও সেই সহযোগিতা আর কোনো কাজে আসে না। তাই জীবিত অবস্থায় মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী অসুস্থ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। মানুষের জন্য করা ভালো কাজই দিনশেষে সবচেয়ে বড় সম্পদ। সমাজে যদি সবাই একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে অবহেলিত ও অসুস্থ মানুষের কষ্ট অনেকটাই কমে যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজী আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। অসহায় মানুষের চিকিৎসা সহায়তা ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোসহ নানা কাজের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
এই কঠিন সময়ে এমন মানবিক সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি নেত্রী মিরিনা সুলতানা ও তাঁতী দল নেতা হাসিনুর রহমান হাসু। তাঁরা বলেন, অসুস্থতার সময়ে একজন মানুষের পাশে দাঁড়ানো অনেক বড় বিষয়। হাজী আব্দুস সাত্তার তাঁদের খোঁজ নিতে এসে যে সহমর্মিতা ও উদারতা দেখিয়েছেন, তা তাঁদের মানসিক শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তাঁরা ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।