—ছবি মুক্ত প্রভাত
বগুড়ার ধুনট উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল বীজ, সার, গাছের চারাসহ বিভিন্ন আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। বিতরণ শুরুর আগে কৃষি অফিস চত্বরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমের এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ৫ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে পর্যায়ক্রমে উচ্চ ফলনশীল ধান, পেঁয়াজ, মরিচ এবং হরেক পদের শাক-সবজির বীজসহ প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হবে।
এর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে উপজেলার ২ হাজার ১৬৫ জন কৃষককে দেওয়া হচ্ছে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা এবং জৈব গোবর সার। আধুনিক কৃষিকে ত্বরান্বিত করতে উপজেলার ৫ জন অগ্রগামী ও আধুনিক কৃষককে দেওয়া হয়েছে উন্নত প্রযুক্তির ‘এয়ার ফ্লো মেশিন’।
উদ্বোধনী অনুষ্ঠানে ধুনট উপজেলা কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সুফলভোগী কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে এসব উন্নত বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা।