—ছবি মুক্ত প্রভাত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে আয়োজিত ১০ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিটি সুবিধাভোগীর হাতে ১৮ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
আজ শুক্রবার (১৯ জুন) উপজেলা প্রশাসনের হলরুমে এই সমাপনী ও অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম এ হান্নান বলেন, "প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তবে শুধু প্রশিক্ষণ দিলেই হবে না, তাদের কাজের পরিধি বাড়াতে আর্থিক সহায়তারও প্রয়োজন রয়েছে। এই আর্থিক সহায়তা তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, যা পরোক্ষভাবে পুরো পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।" যেকোনো প্রয়োজনে স্থানীয় জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, "আপনাদের যেকোনো সমস্যা বা সংকটে সরাসরি আমার সাথে যোগাযোগ রাখবেন।"
অনুষ্ঠানে অন্য বক্তারা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দেশের মূলধারার অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ এবং নগদ আর্থিক প্রণোদনা সরকারের সেই মহৎ উদ্যোগকে আরও বেশি গতিশীল ও বেগবান করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি মো. আছমত আলী এবং সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুদান পেয়ে প্রশিক্ষণার্থীরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই অর্থ সঠিক উপায়ে আত্মকর্মসংস্থানে খাটানোর অঙ্গীকার করেন।