—ছবি সংগৃহিত
মাঠে যখন স্কটল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের ছক কষছে মরক্কো, ঠিক তখনই ড্রেসিংরুমে আছড়ে পড়ল এক বড় ধাক্কা। বিশ্বকাপের মাঠের লড়াইয়ের মাঝেই খবর এলো—দলের অধিনায়ক এবং ফরাসি ক্লাব পিএসজির তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমিকে ধর্ষণের অভিযোগে শেষ পর্যন্ত কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। ফরাসি সরকারি কৌঁসুলিরা নিশ্চিত করেছেন, এই মরক্কান তারকার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। প্যারিসে হাকিমির বাসভবনে ২৪ বছর বয়সী এক তরুণী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। ওই বছরের মার্চ মাস থেকেই প্যারিসের নানতান্তের সরকারি প্রসিকিউটরের কার্যালয় বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। দীর্ঘ তিন বছর তদন্তের পর গত ফেব্রুয়ারিতে আদালতের একজন বিচারক মামলার আনুষ্ঠানিক ট্রায়াল বা বিচার শুরুর নির্দেশ দেন। ফরাসি সংবাদমাধ্যমের দাবি, সম্প্রতি এই বিচারপ্রক্রিয়া বাতিলের আর্জি জানিয়ে হাকিমির করা একটি আপিল আবেদন আদালত খারিজ করে দিয়েছেন।
তবে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। বাংলাদেশ সময় আগামীকাল ভোর চারটায় স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোকে নেতৃত্ব দেওয়ার কথা তাঁর। মাঠের নামার ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজের ক্ষোভ ও অবস্থান স্পষ্ট করেছেন হাকিমি।
তিনি লিখেছেন, 'বিচারব্যবস্থা যেন আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল—"তুমি যদি বিখ্যাত না হতে, তবে এই মামলা কখনোই হতো না।" মর্যাদা ও ধৈর্য ধরে রেখে আমি বছরের পর বছর চুপ ছিলাম। ভেবেছিলাম সত্যের জয় হবে। কিন্তু আজ আমার জীবন ও পরিবারের বিনিময়ে এমন এক গল্প ছড়ানো হচ্ছে, যা আমার নয়। প্রথম দিন থেকেই আমি এই বিচারের অপেক্ষায় ছিলাম, এখনো আছি। অবশেষে আমি নিজের কথা বলতে পারব।'
অন্যদিকে, ভুক্তভোগী তরুণীর আইনজীবী র্যাচেল-ফ্লোর পার্দো আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেন, 'তিন বছরের বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের পর এই সিদ্ধান্ত আমার মক্কেলের মনে স্বস্তি এনেছে। হাকিমির আইনজীবীরা আমার মক্কেলের দিকে কাদা ছুড়েছেন, কিন্তু বিচারব্যবস্থা অবশেষে তার কথা শুনেছে। আমরা আশা করি, এই বিচার পুরুষ ফুটবলের দুনিয়ায় যৌন সহিংসতাকে কেন্দ্র করে গড়ে ওঠা অস্বীকার ও দায়মুক্তির দেয়াল ভেঙে দেবে।' তবে আদালতে এই বিচার কবে থেকে শুরু হবে, তার সুনির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের বাইরে ম্যাচ পড়লে কি বিপাকে পড়বেন হাকিমি?
এবারের বিশ্বকাপে মরক্কোর গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। মরক্কো দলও বর্তমানে সেখানেই অবস্থান করছে। তবে জটিলতা তৈরি হতে পারে মরক্কো নকআউট পর্বে পা রাখলে। শেষ ষোলো বা কোয়ার্টার ফাইনালের ম্যাচ যদি যুক্তরাষ্ট্রের বাইরে কানাডা বা মেক্সিকোতে পড়ে, তবে হাকিমির সেখানে প্রবেশ করা নিয়ে বড় ধরনের আইনি জটিলতা তৈরি হতে পারে।
ঠিক একই কারণে গত সপ্তাহে ঘানার মিডফিল্ডার টমাস পার্টি কানাডায় প্রবেশ করতে পারেননি। ফলে পানামার বিপক্ষে দলের উদ্বোধনী ম্যাচটি মিস করতে হয় ৩২ বছর বয়সী এই ফুটবলারকে। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে চারজন নারীর আনা সাতটি ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে আগামী বছর পার্টির বিচার শুরু হওয়ার কথা রয়েছে। কানাডা সরকারের অফিশিয়াল নিয়ম অনুযায়ী, গুরুতর অপরাধের সঙ্গে জড়িত বা অভিযুক্ত কোনো ব্যক্তিকে দেশে প্রবেশাধিকার না দেওয়ার স্পষ্ট আইনি বিধান রয়েছে।
গ্রুপ পর্বের বাধা পেরিয়ে মরক্কো যদি নকআউটে যায়, তবে মাঠের কৌশলের চেয়েও অধিনায়ক হাকিমির এই আইনি মারপ্যাঁচই হয়তো মরক্কো শিবিরের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে।