—ছবি সংগৃহিত
শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সমতা আনার লক্ষ্যে এবার থেকে দেশের সব সাধারণ শিক্ষাবোর্ডের অধীন মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এতদিন পর্যন্ত দেশের পাবলিক পরীক্ষাগুলোতে প্রতিটি শিক্ষাবোর্ড নিজেদের আলাদা আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করত। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে সারা দেশের শিক্ষার্থীরা একই মূল্যায়নের আওতায় আসবে।
বৈষম্য দূর করতে বৈশ্বিক মডেল
সারা দেশে একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার যৌক্তিকতা তুলে ধরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক বলেন, “কোনো বোর্ড একটু নমনীয় প্রশ্ন করে, আবার কোনো বোর্ড কঠিন প্রশ্ন করে। এক বাংলাদেশে এসএসসি বা এইচএসসি পরীক্ষা ভিন্ন প্রশ্নে হতে পারে না।”
এই সিদ্ধান্তের পক্ষে আন্তর্জাতিক উদাহরণ টেনে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইংরেজি মাধ্যমের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা যেভাবে একই প্রশ্নপত্রে নেওয়া হয়, বাংলাদেশেও এখন থেকে সেই মডেল অনুসরণ করা হবে।
২০ জুলাই এসএসসির ফল, সেশনজটমুক্ত করার প্রত্যয়
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, সবার সহযোগিতায় এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। আগামী ২০ জুলাই এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
সেশনজট কমিয়ে আনার সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, সিলেবাস শেষ হওয়ার পরপরই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর এই ধারাবাহিকতা বজায় রাখতেই এক বছর আগে ২০২৭ সালের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে ওই বছরের ৬ জুন।
আসন্ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠেয় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর চূড়ান্ত আসরের তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের এই ঐতিহাসিক ঘোষণার সময় আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।