—ছবি সংগৃহিত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। আজ রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প হয়। আকস্মিক এই কম্পনে বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম এবং আন্তর্জাতিক ভূবিদ্যা সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী রাষ্ট্র ভুটানের পুনাখা শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠের গভীরে সৃষ্ট এই ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৫.৩ মাত্রা রেকর্ড করা হয়েছে।
ভূটানের সীমান্ত লাগোয়া হওয়ায় এই কম্পনের প্রভাব বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়েছে। বাংলাদেশ ও ভুটান ছাড়াও ভারত, নেপাল এবং চীনের বিস্তীর্ণ অঞ্চল এই ভূকম্পনে কেঁপে ওঠে। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।