—ছবি মুক্ত প্রভাত
পাবনার সাঁথিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. শামসুর খান (৬০) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। আজ রোববার (০৭ জুন) বিকেলে উপজেলার করমজা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শামুকজানী গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুর খান ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিন খানের সেজো ছেলে। পেশায় তিনি একজন কৃষক এবং চার সন্তানের জনক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেল আনুমানিক ৫টার দিকে শামসুর খান নিজ বসতবাড়ির উঠানে থাকা একটি আম গাছে আম পাড়ার জন্য ওঠেন। আম পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত গাছের একটি ডাল ভেঙে তিনি সরাসরি মাটিতে পড়ে যান। মাটিতে আছড়ে পড়ায় তাঁর বুকে ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর পরই পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা তাঁকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাঁকে পার্শ্ববর্তী বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শামসুর খানকে মৃত ঘোষণা করেন।
আমের মৌসুমে গাছ থেকে পড়ে এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও পুরো শামুকজানী গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।