—ছবি মুক্ত প্রভাত
বাংলাদেশ পুলিশের ৫ জন ডিআইজিকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে উন্নীত করেছে সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বগুড়ার নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ। ফারুক আহমেদ র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়|
ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত অন্য কর্মকর্তা হলেন-সিলেট রেঞ্জের ডিআইজি ও নাটোরের গুরুদাসপুরের সন্তান মুশফেকুর রহমান, এনএসআই-এর পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

ফারুক আহমেদের পদোন্নতিতে বগুড়ার নন্দীগ্রামের তাঁর নিজগ্রাম কৈডালায় (রণবাঘা) আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। এর আগে ফারুক আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র অতিরিক্ত কমিশনার (এডমিন),সর্বশেষ র্যাবের অতিরিক্ত মহাপরিচালক পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
ফারুক আহমেদের পিতা চিকিৎসক মরহুম কাজেম মন্ডল ছিলেন সমাজসেবী,দানবীর এবং মা রহিমা বেগম ছিলেন গৃহিনী| বাবা-মার ৬ ছেলে ও ২ মেয়ের মধ্যে ফারুক আহমেদের অবস্থান ৬ষ্ঠ। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে পড়ালেখা শেষ করে ১৭তম বিসিএস উত্তীর্ন হয়ে বাংলাদেশ পুলিশ বিভাগে যোগ দেন।
দেশের সন্ত্রাস ও অপরাধ দমন, চোরা চালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলার উন্নয়ন, মাদক নির্মূল, সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দীর্ঘ কর্মজীবনে ফারুক আহমেদ জাতিসংঘের শান্তি মিশনসহ বাংলাদেশ পুলিশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই পদোন্নতিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভানুধ্যায়ী এবং স্বজনরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
ফারুক আহম্মেদে ছোট ভাই ও নন্দীগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল বারেক বলেন, " বড়ভাই ফারুক আহমেদের পদোন্নতিতে পরিবারের পক্ষ থেকে আমরা পরম করুণাময়ের নিকট শুকরিয়া ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘসময় পদোন্নতি বঞ্চিত থেকেও বড় ভাই নিষ্ঠার সাথে দেশের কাজ করেছেন। আমরা তাঁর সুস্থাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ পুলিশ দেশ ও জাতির সেবায় আরও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
নতুন দায়িত্বেও তিনি নিষ্ঠা, সততা, দক্ষতার সঙ্গে দেশ ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি,আধুনিক ও প্রযুক্তি নির্ভর পুলিশ বাহিনী গঠন, পুলিশ বিভাগের সুনাম বৃদ্ধিতে আবদান রাখবেন|