ইরানে বিভেদ সৃষ্টিতে ‘হাইব্রিড যুদ্ধ’ চালাচ্ছে শত্রুরা: খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিকভাবে পরাজিত হওয়ার পর এখন ইরানের ভেতরে বিভেদ সৃষ্টি করতে ‘হাইব্রিড যুদ্ধ’ চালাচ্ছে।
তেহরান-ভিত্তিক আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় তিনি এ মন্তব্য করেন।
খামেনি বলেন, শত্রুপক্ষ সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন ইরানি জাতির মধ্যে মতবিরোধ ও বিভক্তি তৈরির মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। তাঁর ভাষায়, এটি একটি পরিকল্পিত ‘হাইব্রিড যুদ্ধ’, যেখানে সামরিক চাপের পাশাপাশি মনস্তাত্ত্বিক ও তথ্যযুদ্ধও চালানো হচ্ছে।
তিনি দাবি করেন, শত্রুরা সামরিকভাবে ব্যর্থ হওয়ায় এখন তারা নতুন কৌশলে ইরানের অভ্যন্তরীণ ঐক্য নষ্ট করার চেষ্টা করছে, তবে জনগণের ঐক্যই এসব ষড়যন্ত্র মোকাবিলার প্রধান শক্তি।
গত ৮ মার্চ থেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা হওয়ার পর থেকে তিনি বিভিন্ন সময়ে লিখিত বার্তা দিয়ে আসছেন, যা রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা হয়। তবে এখন পর্যন্ত তার কোনো ছবি, ভিডিও বা অডিও প্রকাশ না হওয়ায় তার অবস্থান ও শারীরিক পরিস্থিতি নিয়ে জনপরিসরে নানা প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধবিরতির পরও উভয় পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার খবর এসেছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য ও পাল্টা অভিযোগ অঞ্চলটিতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।