—ছবি মুক্ত প্রভাত
নাটোরের গুরুদাসপুরে পৃথক পাঁচটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সবকটি দুর্ঘটনাই ঘটেছে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে।
নিহত ব্যক্তিরা হলেন, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মানজুরুল ইসলামের ছেলে নাদিম ইসলাম রুবেল (২৫) ও গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট শিয়ানপাড়া এলাকার সায়েম উদ্দিনের ছেলে ফারুক হোসেন (২০)।
বনপাড়া হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলা অংশের কাছিকাটা দশ নম্বর ব্রীজের ওপর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় একটি যাত্রীবাহি বাস এসে ধাক্কা দেয়। মোটরসাইকেল আরোহী নাদিম সড়কে ছিটকে পড়লে মাথা থেতলে দিয়ে চলে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই যুবক। একই সময় নয়াবাজার আইড়মারী ব্রিজের কাছে মাছবাহী একটি ছোট ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ৩ জন। এছাড়া উপজেলার নাজিরপুর বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা দশ নম্বর ব্রীজের কাছে দুটি এবং নয়াবাজার আইড়মারী ব্রিজের কাছে আরো একটি দুর্ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হলেও গুরুতর আহত হয়েছেন ৪জন। এছাড়া উপজেলার নাজিরপুরে পৃথক দুটি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১১জন।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ওহিদুজ্জামান রুবেল বলেন, দুর্ঘটনা কবলিত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে অন্তত ১৫জন হাসপাতালে আসে। আহতদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।