—ছবি সংগৃহিত
আগামীকাল সোমবার ভারতের গোয়ায় পর্দা উঠছে অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপের। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগের মুহূর্তে বাংলাদেশ শিবিরে দেখা গেছে এক বড় চমক। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার ‘হ্যাটট্রিক মিশনে’ নামার আগে আকস্মিকভাবে অধিনায়কত্বে পরিবর্তন এনেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার। সেন্ট্রাল ডিফেন্ডার আফঈদা খন্দকারকে সরিয়ে নেতৃত্বের আর্মব্যান্ড দেওয়া হয়েছে গত দুটি সাফজয়ী দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার মারিয়া মান্দাকে।
আজ রোববার ভারতের গোয়ায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক হিসেবে কোচের সঙ্গে উপস্থিত ছিলেন মারিয়া মান্দাই। অথচ বাংলাদেশ থেকে রওনা হওয়ার সময় অফিশিয়াল সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন আফঈদা। গোয়ায় পৌঁছেই মূলত এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়।
যে কারণে এই আকস্মিক বদল:
বাফুফে ও দলীয় সূত্র থেকে জানা গেছে, সাফের মূল প্রস্তুতি হিসেবে থাইল্যান্ডের ব্যাংককে দুই সপ্তাহের একটি নিবিড় ক্যাম্প করেছিল বাংলাদেশ দল। সেখানে দুই-তিন দিন কাটার পরই আফঈদাকে নিয়ে বসেন কোচ বাটলার। তিনি আফঈদাকে সাফ জানান, ‘দেখ, তুমি দলের অন্যতম প্রধান অংশ। তবে তোমার ওপর থেকে বাড়তি চাপ সামলাতেই অধিনায়ক বদল করা হচ্ছে।’
থাইল্যান্ডে স্থানীয় দুটি ক্লাবের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ঋতুপর্ণা-মারিয়ারা। কিন্তু মাঠের পারফরম্যান্স ও অনুশীলন ঘাটতি বিশ্লেষণ করে কোচের মনে হয়েছে, অধিনায়কত্বের বাড়তি চাপের কারণে আফঈদা নিজের স্বাভাবিক ও সেরা খেলাটা খেলতে পারছিলেন না। নতুন অধিনায়ক হিসেবে ডিফেন্ডার শিউলি আজিমের নামও বিবেচনায় এসেছিল। তবে সাবিনা খাতুনের সময় থেকেই যেহেতু মারিয়া মান্দা সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন, তাই শেষ পর্যন্ত তাঁর ওপরই আস্থা রাখা হয়েছে। থাইল্যান্ডের প্রস্তুতি ম্যাচ দুটিতেও মারিয়াই দলনেতা ছিলেন।
সাবিনা-পরবর্তী যুগ ও আফঈদার বিদায়:
সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ টানা দুবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ২০২৪ সালে দ্বিতীয়বার সাফ জয়ের পর সাবিনাসহ ১৮ জন ফুটবলার কোচ পিটার বাটলারের বিরুদ্ধে একযোগে বিদ্রোহ ঘোষণা করেন। সেই দ্বন্দ্বের জেরে সাবিনারা দল থেকে বাদ পড়েন। সাবিনা-পরবর্তী যুগে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০ দলের সফল অধিনায়ক আফঈদা খন্দকারকে সিনিয়র জাতীয় দলের অধিনায়ক করা হয়। পরবর্তী সময়ে মারিয়া মান্দা ও ঋতুপর্ণা চাকমারা দলে ফিরে দুর্দান্ত পারফর্ম করলেও বাটলার আফঈদার ওপরই আস্থা রেখেছিলেন। অস্ট্রেলিয়ার এশিয়া কাপের ম্যাচ পর্যন্ত আফঈদা দায়িত্ব পালন করলেও সাফের মতো বড় মঞ্চে নামার ঠিক আগমুহূর্তে এসে তিনি দায়িত্ব হারালেন।
কাল শুরু সাফ, বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ মে:
আগামীকাল সোমবার (২৫ মে) ভুটান–নেপাল এবং ভারত–মালদ্বীপ ম্যাচ দিয়ে মাঠে গড়াবে অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপ। ‘বি’ গ্রুপে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২৮ মে (ঈদের দিন) মালদ্বীপের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচে ৩১ মে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে মারিয়া মান্দার দল। টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন এবং শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৬ জুন।