—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলের দেয়ালে আপত্তিকর ছবি আঁকা এবং বহিরাগত নির্মাণ শ্রমিকদের বিরুদ্ধে আবাসিক ছাত্রীদের উত্যক্ত করার গুরুতর অভিযোগে তিন সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বুধবার (২০ মে) হযরত বিবি খাদিজা হলে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর ঘটনার প্রকৃত উৎস এবং সত্যতা উদঘাটনের লক্ষ্যে এই ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও একই হলের সহকারী প্রভোস্ট ড. নাহিদ সুলতানাকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— সহকারী প্রভোস্ট নাজমুন নাহার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসনীম আলম। বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল 'হযরত বিবি খাদিজা হলের' দেয়ালে কতিপয় আপত্তিকর ও অশালীন চিত্র আঁকার ঘটনা সাধারণ শিক্ষার্থীদের নজরে আসে। একই সাথে হলের সংস্কার বা নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকরা দীর্ঘদিন ধরে হলের আবাসিক ছাত্রীদের বিভিন্নভাবে উত্যক্ত ও হেনস্তা করে আসছিল বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন হলের আবাসিক শিক্ষার্থীরা। হলের ভেতরে ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং বহিরাগত শ্রমিকদের এমন ধৃষ্টতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষী শ্রমিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। ছাত্রীদের এই আন্দোলনের প্রেক্ষিতেই তড়িঘড়ি করে তদন্ত কমিটি গঠনে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।