ঈদে মুক্তি পাচ্ছে মালিক
আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মালিক। পরিচালক সাইফ চন্দন নির্মিত এই সিনেমায় দীর্ঘ সাত বছর পর আবারও জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।
গত বুধবার রাতে পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া সিনেমাটির পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঈদে মুক্তির ঘোষণা দেয়। এর আগে সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়।
অ্যাকশনধর্মী গল্পে নির্মিত ‘মালিক’-এ উঠে আসবে এক জেদি তরুণের প্রতিশোধ ও উত্থানের কাহিনি। মায়ের সম্মান ও অধিকার আদায়ের লড়াই করতে গিয়ে কীভাবে সে অপরাধ জগতের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়, সেটিই সিনেমার মূল গল্প। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে ভিন্নধর্মী অ্যাকশনঘেঁষা চরিত্রে। এ জন্য তিনি মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন।
নির্মাতা সাইফ চন্দন জানিয়েছেন, এটি কেবল অ্যাকশন সিনেমা নয়; দর্শকদের জন্য রয়েছে আবেগ ও গল্পের শক্তিশালী মিশেল। পোস্টার, গান ও ট্রেলার প্রকাশের পর দর্শক আরও চমক পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
বর্তমানে সিনেমাটির শেষ মুহূর্তের পোস্ট-প্রোডাকশনের কাজে কলকাতায় অবস্থান করছেন নির্মাতা। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর চূড়ান্তভাবে হল তালিকা ও প্রচারণা শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন সাপলুডু সিনেমায়, যা ২০১৯ সালে মুক্তি পেয়েছিল।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় রয়েছে আরও কয়েকটি আলোচিত সিনেমা— রকস্টার, রইদ, বনলতা সেন, তছনছ, অফিসার, দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল, মাসুদ রানা এবং নাকফুলের কাব্য।