জোটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত, চেন্নাইয়ে সাজ সাজ রব।—ছবি সংগৃহিত
ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে এক অভূতপূর্ব চমক দেখিয়ে আগামীকাল রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও ‘তামিলাগা ভেটরি কাজাগাম’ (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে সকাল ১০টায় এই জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ শনিবার রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের কার্যালয় ‘লোকভবন’ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত সোমবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সরকার গঠন নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছিল। বিজয়ের দল টিভিকে এককভাবে ১০৮টি আসন পেয়ে চমক দেখালেও ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। শুক্রবার পর্যন্ত জোটের সমর্থন ১১৬ আসনেই আটকে ছিল।
তবে আজ শনিবার দৃশ্যপট বদলে যায়। বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিকভাবে বিজয়কে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়। এই দুই দলের ৪টি আসন যুক্ত হওয়ায় বিজয়ের জোটের শক্তি দাঁড়ায় ১২০ আসনে। এছাড়া ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) ও সিপিআই(এম)-এর সমর্থনপত্রও আজ রাজ্যপালের কাছে জমা দেওয়া হয়েছে।
সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই টিভিকে সদর দপ্তরের সামনে কর্মী-সমর্থকদের ঢল নামে। উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে থালাপতি বিজয় বলেন, ‘উল্লাস শুরু করো।’ অভিনেতা থেকে পুরোদস্তুর জননেতা হয়ে ওঠা বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে পুরো তামিলনাড়ু জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
বিরল রেকর্ড:
তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথমবারের মতো কয়েকটি দলের জোট মিলে সরকার গঠন করতে যাচ্ছে। এদিকে, থালাপতি বিজয় দুটি আসনে জয়লাভ করায় নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের ১৪ দিনের মধ্যে তাকে একটি আসন ছেড়ে দিতে হবে।
বিজয়কে শপথ করানোর জন্য রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার তাঁর পূর্বনির্ধারিত কেরালা সফর বাতিল করেছেন। আগামীকালকের এই শপথ অনুষ্ঠানের দিকে তাকিয়ে আছে পুরো ভারত তথা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিজয়ের অগণিত ভক্ত ও রাজনৈতিক বিশ্লেষকরা।