অসহায়দের পাশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব।—ছবি মুক্ত প্রভাত
দিনাজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দুস্থ শ্রমিক এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার (৯ মে) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন’-এ এক অনুষ্ঠানের মাধ্যমে ১৬৪ জনের হাতে মোট ৬৮ লক্ষ ৩৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুরের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার। দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ১৪৫ জন অসুস্থ শ্রমিকের চিকিৎসার জন্য ৫৬ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া ১৫ জন মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সুগম করতে প্রত্যেকের হাতে ৭৫ হাজার টাকা করে মোট ১১ লক্ষ ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি ৪ জন মৃত শ্রমিকের শোকসন্তপ্ত পরিবারকে ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক (উপ-সচিব) সৈয়দ ইরতিজা হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন। এছাড়াও আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওসমান গনিসহ শ্রম ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের (রেজিঃ নং রাজ-২৯৩৬) সভাপতি মোঃ মোফাচ্ছিলুল মাজেদ ও সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিকের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রধান অতিথি আঞ্চলিক শ্রম অধিদপ্তর পরিদর্শন করলে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শ্রমিকদের কল্যাণে সরকারের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা আশা প্রকাশ করেন, এই সহায়তা প্রান্তিক শ্রমিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।