—ছবি মুক্ত প্রভাত
কুড়িগ্রামের চিলমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। উপজেলার রাজারভিটা মাঝস্থল এলাকায় সংঘটিত এই হামলায় একটি বসতবাড়ি ও দোকান ভাঙচুরসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজারভিটা এলাকার ইব্রাহিম আলীর সঙ্গে তার চাচাতো ভাই মঞ্জু মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত সোমবার বিকেলে মমিনুল ইসলামের নেতৃত্বে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিকভাবে ইব্রাহিমের বসতবাড়ি ও দোকানে হামলা চালায়।
হামলাকারীরা ইব্রাহিমের বসতবাড়ি, দোকান ঘর এবং একটি মোটরসাইকেল ব্যাপক ভাঙচুর করে। ভুক্তভোগী ইব্রাহিম আলীর অভিযোগ, দুর্বৃত্তরা দোকান ও ঘর থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। হামলার সময় ইব্রাহিম আলী পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণরক্ষা করেন।
দুর্বৃত্তদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন একই পরিবারের তিনজন।
আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মমিনুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, ঘটনার খবর তিনি পেয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুক্ত প্রভাত/এসএ