—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের এক ঝটিকা অভিযানে একটি দেশীয় এলজি (আগ্নেয়াস্ত্র), ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (৩ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলি বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— চরএলাহী ইউনিয়নের আব্দুস শহীদ স্বপন (৫০), ওসমান গনি ওরফে সেলিম (৪৫), আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) এবং বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মো. আজাদ হোসেন স্বপন (৪০)। তাৎক্ষণিকভাবে বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাদামতলি বাজার সংলগ্ন চিহ্নিত মাদক কারবারি আলমগীরের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি দেশীয় তৈরি এলজি, ১৬৭ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও পৃথক আরেকটি অভিযানে আরও ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
পুলিশি তদন্তে জানা গেছে, আটককৃত আব্দুস শহীদ স্বপন এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং 'শাহীন বাহিনী'র একজন সক্রিয় সদস্য। এলাকায় তার বিরুদ্ধে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অসংখ্য অভিযোগ রয়েছে। এছাড়া তিনি চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যা মামলার ৮ নম্বর চার্জশিটভুক্ত আসামি। স্থানীয়রা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিল।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান:
"আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করেছি। আটককৃতদের কাছ থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
এই অভিযানের ফলে চরএলাহী ও আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা প্রশাসন।