—ছবি মুক্ত প্রভাত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি পরিত্যক্ত ভিটা থেকে সদ্যোজাত এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামের একটি পরিত্যক্ত ভিটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পূর্ণিমাগাঁতী-ধামাইকান্দি আঞ্চলিক সড়ক সংলগ্ন পুঠিয়া গ্রামের ওই ভিটায় গাছের নিচে কাপড় মোড়ানো অবস্থায় একটি শিশু পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে বিষয়টি উল্লাপাড়া মডেল থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের ধারণা, আগের রাতে কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, উদ্ধার হওয়া শিশুটির বয়স আনুমানিক একদিন। পুলিশ সেটিকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।
তিনি আরও বলেন, "শিশুটিকে মৃত অবস্থায় কেউ ফেলে গেছে নাকি জীবিত অবস্থায় ফেলে দেওয়ার পর সে মারা গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"