—ছবি মুক্ত প্রভাত
বগুড়ার ধুনট উপজেলায় ঘরে ঢুকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ এবং সেই দৃশ্য স্মার্টফোনে ধারণ করার অভিযোগে নোমান মন্ডল (২১) নামে এক কলেজছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে শনিবার রাতে ধুনট থানায় মামলাটি করেন।
অভিযুক্ত নোমান মন্ডল উপজেলার গোসাইবাড়ী আমতলা এলাকার সাইফুল মন্ডলের ছেলে এবং বগুড়া শহরের একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার ভুতবাড়ি গ্রামের জনৈক পরিবহন শ্রমিকের মেয়ের সঙ্গে প্রায় এক বছর আগে নোমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৪ ফেব্রুয়ারি স্কুলছাত্রীর মা টাঙ্গাইলে স্বামীর কর্মস্থলে যাওয়ায় বাড়িতে একা থাকার সুযোগ নেয় নোমান। ওই দিন রাত ১০টার দিকে ঘরে ঢুকে বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ করে এবং কৌশলে সেই দৃশ্য ফোনে ধারণ করে।
পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ১২ মার্চ রাতে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী একটি বাগানে পুনরায় ধর্ষণ করা হয়। একপর্যায়ে স্কুলছাত্রী বিয়ের কথা বললে নোমান তাকে রেখে পালিয়ে যায়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। রোববার সকালে ভুক্তভোগী ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। আসামি নোমান মন্ডলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।