—ছবি মুক্ত প্রভাত
পাবনার সাঁথিয়ায় মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবনকারীকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের এই দণ্ড প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, নওয়ানী গ্রামের মৃত আফজাল প্রামাণিকের ছেলে মো. জালালকে গাঁজা বিক্রয় করার অপরাধে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, গাঁজা সেবনের দায়ে সাঁথিয়া পৌর সদরের বাসিন্দা বোরহান উদ্দিন মীরের ছেলে ফারুক মীরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না এই বিচারিক কার্যক্রম পরিচালনা করেন। দণ্ড প্রদানের পর তিনি জানান, মাদক নির্মূলের মাধ্যমে সমাজকে সুরক্ষিত রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত দু’জনকেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে।